২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটক বানানোর কথা বলে চাচাত ভাইকে হত্যা, লাশ মিলল দীঘিতে

পুলিশ বলছে, মুখে কসটেপ পেঁচিয়ে, হাত-পা বেঁধে দীঘির পানিতে ফেলে দিয়ে চলে যায়।”

টিকটক বানানোর কথা বলে চাচাত ভাইকে হত্যা, লাশ মিলল দীঘিতে
প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 04:19 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় টিকটক বানানোর কথা বলে এক কিশোরকে হাত-পা বেঁধে দীঘিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার দুপুরে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বঙ্গের দীঘি থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে বলে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ জানান।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তাকে মুখে স্কচটেপ পেঁচিয়ে, হাত-পা বেঁধে দীঘিতে ফেলে হত্যা করা হয়।    

নিহত ১৫ বছর বয়সী ইয়াসিন আরাফাত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রামের মোহাম্মদ সাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আরাফাতকে কিছু ছেলের সঙ্গে চলাফেরা করতে বারণ করে তার চাচাতো ভাই আমির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত তাকে মারধর করে। এর জেরে আমির আরফাতকে হত্যার কৌশল খুঁজতে থাকে।

“পরে আরেক বন্ধুর সঙ্গে পরামর্শ করে আরাফাতকে গত ২৬ সেপ্টেম্বর টিকটক বানানোর কথা বলে ডেকে নিয়ে যায় আমির। এরপর কবিরহাট পৌরসভার বঙ্গের দিঘীর পাড়ে নিয়ে টিকটক বানানোর কথা বলে কৌশলে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে, হাত-পা বেঁধে দীঘির পানিতে ফেলে দিয়ে চলে যায়।”  

নিখোঁজের তিনদিন পর আরাফাতের মা শাহানারা আক্তার কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

১১দিন পর পুলিশ দুই কিশোরকে আটক করার পর তাদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার এবং হত্যার রহস্য উদঘাটন হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।