Published : 18 Oct 2024, 01:29 AM
লালন শুধু গান গাওয়ার বিষয় নয়; এটি একটি জীবন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেছেন, “লালন শুধু গান গাওয়ার বিষয় না, লালন শুধু ভক্তি দেওয়ার ব্যাপার না, সবার জীবনের মধ্যে লালন একটা জীবন ব্যবস্থা। লালন আমাদের শিখিয়েছেন, কিভাবে প্রকাশ করতে হয় যে, আমি কিছু না। লালন শুধু কুষ্টিয়ার নয়, লালন সারা বাংলাদেশের, লালন সারা বিশ্বের।”
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের লালন স্মরণোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ে সব স্থানে বৈষম্য হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “শুধু চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে তা নয়। সব স্থানে বৈষম্য ছিলো। নারী-পুরুষ, ধনী-গরিব, শ্রমিক-মালিক সব ক্ষেত্রে বৈষম্য ছিলো। ফকির লালন শাহ্ কখনো বৈষম্য চাননি। তিনি সারাজীবন বৈষম্যের বিরুদ্ধে বরেছেন। জাতপাতের বিরুদ্ধে বলেছেন।”
তিনি বলেন, “কুষ্টিয়ায় তামাক চাষের ফলে বহু মানুষের ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের খাদ্যের ক্ষতি হচ্ছে। মানুষের ক্ষতি তো ফকির লালন চাননি।”
লালন একাডেমি সম্পর্কে ফরিদা আক্তার বলেন, “লালনের যে গান সেগুলোর যাতে ভুল ব্যাখ্যা না হয়। গান যেন পরিবর্তন না হয়। লালন জীবনী সম্পর্কে নতুন প্রজন্ম যেন ভুল না জানে সেজন্য আপনারা গবেষণা করুন। সঠিক তথ্য দিয়ে সারাদেশে লালনকে তুলে ধরুন।”
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি এস এম সুইট, আসলাম হাসান মামুন।
উদ্বোধনী দিনে মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জমান। শুভেচ্ছা বক্তব্য দেন লালন আখড়ার খাদেম ফকির মহম্মদ আলী এবং স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারের লালন মেলা চলবে শনিবার মধ্যরাত পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে রাতভর লালন মুক্তমঞ্চে চলছে লালন শাহর গানের অনুষ্ঠান।