২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা: ভিপি নুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, “বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।”

রোববার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘আঠারো হতে চব্বিশ: কোটা সংস্কার হতে রাষ্ট্রসংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “নির্বাচনের সাতদিন আগে এদেশে এক-এগারো ঘটেছিল। তাই তারিখ ঘোষণার পর আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। অনেকে ভাবছেন, বাংলাদেশের রাজনৈতিক ভাগ-বাটোয়ারা হয়ে গেছে, কিন্তু তা নয়। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষের অভাব রয়েছে। এ ক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের সুযোগ আছে, কারণ আমরা কোনো নির্দিষ্ট আদর্শিক বা ধর্মভিত্তিক দল নই। আমরা উদারপন্থি রাজনৈতিক ধারার রাজনীতি করতে চাই।”

তিনি দাবি করেন, “ইতিহাসে খুব কমই হয়েছে- প্রচণ্ড কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকেও এত কম সময়ে একটি ছাত্র সংগঠন বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে, আমরাই এক্ষেত্রে ব্যতিক্রম।”

ছাত্র সংসদ চালুর প্রয়োজনীয়তার কথা বলেন নুর। তিনি বলেন, “বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা ছাত্র সংসদ বন্ধ করে দিয়ে ছাত্রদের লাঠিওয়ালা বাহিনী বানিয়ে রেখেছিল, মেধাবীদের জায়গায় বসিয়েছিল গুণ্ডা বাহিনী। এতে ছাত্র রাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়ায় এবং ফ্যাসিস্টরা ক্ষমতায় বসে সংসদের গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ব্যক্তিদের বসায়। গণঅভ্যুত্থানে আমরা যেভাবে দলমত ভুলে ফ্যাসিস্ট শক্তিকে হটিয়েছি; একইভাবে আমরা পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি চাই এবং তা সম্ভব হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ চালুর মাধ্যমে।”

২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা প্রসঙ্গে নুর বলেন, “এই অভ্যুত্থানে মাঠ তৈরি করে দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আমরা ৯০ মিনিটের খেলার মধ্যে ৮৫ মিনিট খেলেছি, কিন্তু শেষ মুহূর্তে অন্য কেউ গোল দিয়ে আন্দোলনের হিরো হয়ে গেছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, “অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে শুধু রূপরেখা দিচ্ছে, বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। শিক্ষার্থীরা অভ্যুত্থানের পর শিক্ষা খাতের উন্নয়নের স্বপ্ন দেখলেও এ খাতে বরাদ্দ খুবই কম। একটি দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা খাতকে শক্তিশালী করা জরুরি, কিন্তু সরকার এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।”

বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ১৮’র কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাসুদ মোন্নাফ, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাঈমুল ইসলাম নাইম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিফুল ইসলাম সোহান ও সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া।

এ ছাড়া রাজশাহী জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।