ময়মনসিংহে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
“তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে।”
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি ধান ক্ষেত থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কালিরবাজার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান।
নিহত ২৬ বছর বয়সী রতন চন্দ্র সাহা উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি মনসুর আহাম্মদ বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে কালিরবাজার রেল লাইন সংলগ্ন ধান ক্ষেত থেকে রতনের মরদেহ উদ্ধার করা হয়।
“ট্রেন থেকে পড়লে মানুষ যেমন আঘাত পায় ঠিক তেমনি তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তার পকেটে থাকা আইডি দেখে জানা গেছে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে।”
রতনের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, পরিবারের সঙ্গে গতকাল রতনের কথা হয়েছিল, সে বলেছিল ২০ অগাস্ট বাড়িতে যাবে। এটি হত্যা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে।
