বাইক ঠিক না করায় মিস্ত্রিকে কনস্টেবলের মারধর-গুলি
এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা শিওরদাহ ফাঁড়ি ঘেরাও করেন। তারা ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল ভাঙচুর করেন।
যশোরে মোটরসাইকেল মেরামত করে দিতে পারবে না বলায় এক গ্যারেজ মিস্ত্রিকে মারধর ও গুলি ছুড়েছেন এক পুলিশ সদস্য।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন।
মারধরে আহত রিপন হোসেন (২১) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সদস্য রিকন হোসেন শিওরদাহ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আহত রিপনের পিতা মতিয়ার রহমান বলেন, তার ছেলে বাজারে তরকারি বিক্রির পাশাপাশি মোটরসাইকেলের ছোটখাটো কাজ করে থাকে। পুলিশের মোটরসাইকেল দেখে সে ঠিক করতে পারবে না বলে জানায়। এতে করে ওই পুলিশ সদস্য উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে রিপনকে মারপিট করতে থাকে।
“এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পুলিশ সদস্য রিকন গুলি করার হুমকি দেয় এবং আমার ছেলেকে উদ্দেশ্য করে বন্দুক দিয়ে গুলি করতে গেলে তুষার নামের এক যুবক বাধা দেয়। ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে খোয়ার গাদায় লাগে। পরে রিকন সবাইকে গুলি করার হুমকি দিয়ে ক্যাম্পে চলে যান।”
প্রত্যক্ষদর্শী শিওরদাহ বাজারের দোকানি তুষার জানান, “আমি দেখি ওই পুলিশ লাঠি দিয়ে রিপনকে মারছে আর দোকান থেকে বের হতে বলছে। এ সময় সে হুমকি দিতে থাকে বের না হলে গুলি করবে। এ সময় আমি রাইফেলের বাট ধরে ফেলায় সে গুলি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি পাশের একটি পাথরের স্তূপে গিয়ে লাগে “
এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা শিওরদাহ ফাঁড়ি ঘেরাও করেন। তারা ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল ভাঙচুর করেন।
এ সময় স্থানীয় নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি কামাল হোসেন বলেন, “রিকন হোসেন ফাঁড়ি থেকে যশোরে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নষ্ট হলে তিনি শিওরদাহ বাজারে গ্যারেজে যান। সেখানে লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
“এ সময় তার কাছে থাকা রাইফেল থেকে অসাবধানতায় একটি গুলি বেরিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
