Published : 15 Sep 2026, 12:09 PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসন ও ১৬ জন শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের হস্তক্ষেপ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিক্ষক সংকট নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করেন আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বেলা ১২টার দিকে তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। এরপর থেকে সেখানেই অবস্থান করেন উপাচার্য।
পরে অবরোধ থেকে মুক্ত হয়ে উপাচার্য মো. সোহেল হাসান বলেন, “আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসনে আমরা এমপির নেতৃত্বে কাজ শুরু করেছি। আশা করছি, ভালো সমাধান হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যদের কয়েক দফা আলোচনা হয়। তবে শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের অবস্থান নিয়ে মতবিরোধের কারণে আলোচনায় তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে। ফলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থী হামীমুর রহমান ও মাহজেবিন আক্তার বলেন, আর্কিটেকচার বিভাগে বর্তমানে মাত্র তিন শিক্ষক কর্মরত রয়েছেন। এতে একাধিক ব্যাচের নিয়মিত ক্লাস, পরীক্ষা, খাতা মূল্যায়নসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে।
ইমরুল কায়েস নামের আরেক শিক্ষার্থী বলেন, “একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে জরুরি ভিত্তিতে মোট ১৬ জন শিক্ষক নিয়োগ করতে হবে।”
এদিকে আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।
কে এম বাবর বলেন, “আমি শিক্ষার্থীদের দশ সদস্যের প্রতিনিধি দল এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আর্কিটেকচার বিভাগের শিক্ষক সংকট ও ১৬ জন শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করব।”
মঙ্গলবার সকালে সাংসদ বাবরের নেতৃত্বে উপাচার্য ও শিক্ষার্থীরা ইউজিসির উদ্দেশে রওনা হন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে।