ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা
২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে দফায় দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন।
কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে ২৪তম দফায় ভাসানচরে যাচ্ছে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা।
সোমবার মধ্যরাতের যেকোনো সময় উখিয়া থেকে এসব রোহিঙ্গা বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি বলেন, “সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আসতে শুরু করেছে। সেখানে আসা রোহিঙ্গাদের ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।
“এবার ২৪ দফায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে। সোমবার মধ্যরাতেই বাসযোগে এসব রোহিঙ্গাকে উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা নিয়ে যাওয়া হবে।”
মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানান, মোহাম্মদ সামছু-দৌজা।
গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম দফায় এক হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছেন। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।
২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে দফায় দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন।
আরও পড়ুন:
