২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 03:10 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) ও নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। 

তাদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে ছাত্তার আলী, আব্দুল মালেক ও আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।

চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে আসামিরা তার মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করতেন।

ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। 

মামলার বিচারকাজে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় বলে পিপি ফজলুল হক জানান। 

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

বিস্তারিত আসছে …