মেয়রকে মারপিট: এমপির এপিএসসহ ৬০ জনের নামে মামলা
সিরাজগঞ্জের এ ঘটনার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র ও তার ৩ বছরের সন্তানকে মারপিটের ঘটনায় সংসদ সদস্যের এপিএসসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান।
এদিকে মারধরের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেয়রের সমর্থকরা।
মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সহকারী একান্ত সচিব (এপিএস) সেলিম সরকারকে প্রধান আসামি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গাড়ামাসি গ্রামের আব্দুল মতিন প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪), একই গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন (১৯) ও শেরনগর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে জাফর সেখ (২৫)।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তার ৩ বছরের ছেলে, সাংবাদিক আবু মুসা এবং মেয়রকে বহনকারী মোটরসাইকেল চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মণ্ডল আহত হন।
ওসি আনিসুর রহমান জানান, হামলার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। তবে তাদের মধ্যে দুইজন শিশু হওয়ায় তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনার দিন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, “রাজশাহী বোর্ড থেকে কয়েকজন আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে অডিট করতে আসেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে আমি সেখানে যাই।
“দুপুর ২টার দিকে তিন বছরের ছেলেকে কোলে নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বের হচ্ছিলাম। গেইটে পৌঁছানোর আগেই সংসদ সদস্যের এপিএস সেলিম আহমেদ পিস্তল ঠেকিয়ে আমার গতিরোধ করেন। এক পর্যায়ে সেলিমের নির্দেশে ৫০ থেকে ৬০ জন লোক আমাকে মারধর শুরু করেন।”
মেয়র বলেন, “মারধরে আমার বাম চোখের পাশে কেটে গেছে। আমার সঙ্গে থাকা নাবিল ও সাব্বির আহত হয়েছেন। ঘটনার ছবি তুলতে গেলে মুসা নামের স্থানীয় এক সাংবাদিককেও মারধর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সেলিম সরকার বলেন, “স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে তদন্ত দল এসেছিল। অভিভাবকরা লিখিতভাবে তাদের মতামত তদন্ত কমিটিকে দিয়েছেন।
“মতামত মেয়রের বিরুদ্ধে যাওয়ায় মেয়র ও তার লোকজন অভিভাবকসহ আশপাশের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর সঙ্গে আমি বা আমার কোনো লোকজন জড়িত নয়।”
আরও পড়ুন:
