সিরাজগঞ্জে মেয়রকে মারপিট, অভিযোগ এমপির এপিএসের বিরুদ্ধে
এ ঘটনায় পৌর মেয়র ছাড়াও সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সংসদ সদস্যের এপিএসের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকসহ আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার ওসি আনিসুর রহমান।
তবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সহকারী একান্ত সচিব (এপিএস) সেলিম সরকার হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, “রাজশাহী বোর্ড থেকে কয়েকজন আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে অডিট করতে আসেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে আমি সেখানে যাই।
“দুপুর ২টার দিকে তিন বছরের ছেলেকে কোলে নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বের হচ্ছিলাম। গেইটে পৌঁছানোর আগেই সংসদ সদস্যের এপিএস সেলিম আহমেদ পিস্তল ঠেকিয়ে আমার গতিরোধ করেন। এক পর্যায়ে সেলিমের নির্দেশে ৫০ থেকে ৬০ জন লোক আমাকে মারধর শুরু করেন।”
মেয়র বলেন, “মারধরে আমার বাম চোখের পাশে কেটে গেছে। আমার সঙ্গে থাকা নাবিল ও সাব্বির আহত হয়েছেন। ঘটনার ছবি তুলতে গেলে মুসা নামের স্থানীয় এক সাংবাদিককেও মারধর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি পৌর মেয়র সাজ্জাদুল হকের।
হামলার অভিযোগ অস্বীকার করে সেলিম সরকার বলেন, “স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে তদন্ত দল এসেছিল। অভিভাবকরা লিখিতভাবে তাদের মতামত তদন্ত কমিটিকে দিয়েছেন।
“মতামত মেয়রের বিরুদ্ধে যাওয়ায় মেয়র ও তার লোকজন অভিভাবকসহ আশপাশের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর সঙ্গে আমি বা আমার কোনো লোকজন জড়িত নয়।”
ওসি আনিসুর রহমান জানান, সংসদ সদস্যের এপিএস সেলিম আহমেদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর সঙ্গে পৌর মেয়র সাজ্জাদুল হকের মারামারির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলে জানান ওসি।
