কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় তারা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার এসআই শাহনেয়াজ জানান।
মৃতরা হল- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে দুই বছর বয়সী শাহবাব মণ্ডল ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে তিন বছর বয়সী আবু তোহা মণ্ডল। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয়রা জানান, তোহা শাহজাহানের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তোহা ও শাহবাব বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে এসআই শাহনেয়াজ জানান।
রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
