২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ডিবি পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীকে ‘হুমকি’, আটক ৫

স্থানীয় এক ইউপি সদস্যের মোবাইল নম্বর থেকে ওই প্রার্থীকে ভোট থেকে সরে দাঁড়ানো হুমকি দেওয়া হয় বলে জানায় পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 06:20 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসাইন বিপুলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লেবুতলার ঘোষপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। 

আটকরা হলেন- মিঠুন ঘোষ, অসিম ঘোষ, জসিম উদ্দিন, মুহিন হোসেন ও বিশ্বজিৎ ঘোষ। পলাতক রয়েছেন লেবুতলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খায়রুল। এ ঘটনায় একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ১ জুন রাত ১১টা ৪ মিনিটে একটি টেলিটক নম্বর থেকে আনোয়ার হোসাইন বিপুলকে ফোন করে নির্বাচন না করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আনোয়ার হুমকির অডিও বার্তাসহ রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

ঘটনাটি তদন্তের জন্য পুলিশ সুপারকে অনুরোধ করেন নির্বাচন কর্মকর্তা। তদন্তে দেখা যায়, ইউপি সদস্য খায়রুলের মোবাইল নম্বর থেকে ওই চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে। 

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা উপজেলা নির্বাচনে গোয়েন্দা পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি পুলিশের এই কর্মকর্তার।