গাজীপুরে আদালত চত্বরে আসামিদের মারধর, দুজনকে নিয়ে গেলেন বাদী
“সিসিটিভির ফুটেজে এ ঘটনার সময় পুলিশের দুজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি।”
গাজীপুর মহানগরীর আদালত পাড়ায় প্রকাশ্যে নারী-পুরুষসহ ১৩ আসামিকে মারধর করে দুইজনকে তুলে নিয়ে গেছেন বাদী। এ ঘটনায় আদালত পাড়ায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর জেলা জজ কোর্টের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান জিএমপির সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান।
অপহৃত আসামিরা হলেন- মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)। তারা উভয়ে গাজীপুরের শ্রীপুর থানাধীন তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে।
তারা শ্রীপুর থানায় জমি সংক্রান্ত একটি মামলার আসামি। মামলার বাদী এস এম নাজমুল হক। তিনি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে।
এই মামলায় নারী-পুরুষসহ ১৩ আসামি আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন। বুধবার তাদের স্থায়ী জামিন নেওয়ার দিন ধার্য ছিল।
তাই তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক সেলিনা আক্তার তা মঞ্জুর করেন।
এই মামলার অপর আসামি এনামুল হক বলেন, “জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে বাদী নাজমুল হক ও তার সাথে দা, চাকু, ছোরা, লাঠিসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোক দেখতে পাই।
“আমরা ভীত হয়ে বিষয়টি আমাদের আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে জানাই। তিনি তার সমিতির দুজন ব্যক্তিকে আমাদের নেওয়ার জন্য পাঠান।
“আমরা তাদের সঙ্গে আদালত থেকে বের হয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিসের নীচে পৌঁছালে আইনজীবী, পুলিশসহ শত শত মানুষের সামনে বাদী ও তার সঙ্গের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।”
এনামুল হক আরও বলেন, “সন্ত্রাসীরা আমাদের ব্যাপক মারধর করে। এসময় আমাদের বাঁচাতে সমিতির দুই কর্মকর্তা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে ফিল্মি স্টাইলে আমাদের মধ্যে থেকে দুইজনকে টেনে হিঁচড়ে অপহরণ করে নিয়ে যায়।”
বাবুল মিয়ার স্ত্রী দোলনা আক্তার বলেন, “হামলাকারীরা আমার স্বামী ও দেবরকে তুলে নিয়ে গেছেন। এখন তাঁরা কোথায় আছেন, জানি না।”
এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “আসামিরা বাদীপক্ষের লোকজনকে সশস্ত্র অবস্থায় দেখে বিষয়টি আমাকে জানালে আমি তাদের নিরাপদে নিয়ে আসার জন্য আইনজীবী সমিতির দুজন কর্মচারী আইয়ুব আলী ও মতিউর রহমানকে পাঠাই।
“তারা আমার অফিসের নিচে আসার পরে বাদী ও তার লোকজনের হামলায় ১৩ আসামি ও সমিতির দুই কর্মচারী মারাত্মকভাবে আহত হন। তাদের মধ্যে আইয়ুব আলীর মাথায় আঘাত লেগেছে। তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।”
আইনজীবী সমিতির এ নেতা বলেন- “সন্ত্রাসী লোকজন নিয়ে এসে আসামিদের আদালত চত্বরে প্রকাশ্যে মারধর এবং অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়ছে। বিষয়টি নিয়ে আইনজীবি সমিতির সাধারণ সভায় আলোচনা করা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, “সিসিটিভির ফুটেজে এ ঘটনার সময় পুলিশের দুজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা গেলেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি।”
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য দেয়ার সময় বারের সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী), সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, অপহরণের পর দুই ভাইকে রাজবাড়ী মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে হামলাকারীরা।
খবর পেয়ে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জিএমপির সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, “ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যাদের ধরে নিয়ে গিয়েছিলেন, তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে।
“তারা এ বিষয়ে একটি অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে চেষ্টা করেও বাদী নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, “আদালতে যারা হামলা চালিয়েছেন, তারা কোনো সাধারণ লোক নন, তারা সন্ত্রাসী। তাদের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আদালতে যে ঘটনাটি ঘটেছে, তা উদ্বেগের। এটি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। দুপুরের পর থেকে পুলিশ এটি নিয়ে কাজ করছে।”
