১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই এসএসসি পরীক্ষার্থী

দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 03:20 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এ নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে ১৭ বছর বয়সী নেহাল এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে ১৭ বছর বয়সী লিমন।

তারা নন্দীগ্রাম ‘মা কেজি অ্যান্ড হাই স্কুলের’ শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগামী ২৯ জানুয়ারি তাদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেই প্রস্তুতির কাজ শেষ করে নেহাল ও লিমন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে কালিগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে জোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি মিজানুর রহমান বলেন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আইনী প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।