২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, দেড় বছর পর গ্রেপ্তার ২

কামরুল ও তার ভাইয়ের হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে মাইক্রোবাসে তোলা হয়; এসময় তাদের কাছে থাকা ৭২ হাজার টাকা ও অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, দেড় বছর পর গ্রেপ্তার ২

আল আমিন ও মো. সম্রাট (বাম থেকে)

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 10:22 PM

Updated : 02 Aug 2023, 10:22 PM

গাজীপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চালক-যাত্রীদের হাত-মুখ বেঁধে আটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বৃহস্পতিবার আশুলিয়া থেকে একজনকে এবং গত ২৪ জুলাই মুন্সীগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুর পিআইবির উপপরিদর্শক মোবারক হোসেন।

গ্রেপ্তার দুজন হলেন-ঝালকাঠির কাঁঠালিয়া থানার কইখালি বাজার এলাকার আল আমিন (২৪) এবং মুন্সিগঞ্জের সদর থানার খানকা দালালপাড়া এলাকার মো. সম্রাট (৩৩) ।

মোবারক হোসেন জানান, ভুক্তভুগী ও মামলার বাদী মো. কামরুল ইসলাম (৪৪) নেত্রকোনার কেন্দুয়া থানার পাইকুড়া এলাকার বাসিন্দা। তিনি টঙ্গী পূর্ব থানার শিলমুন ঝগিবাড়ী এলাকা ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান।

মামলার এজাহারে বলা হয়েছে, চাচাত ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে ২০২২ সালের ১৩ এপ্রিল রাত আনুমানিক ৪ টার দিকে আরেক চাচাত ভাই মো. হাসেমকে (৪৭) সঙ্গে নিয়ে নিজের অটোরিকশায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের হায়দ্রাবাদ আক্কাছ মার্কেটের নিকট তিন রাস্তার মোড়ে পৌঁছতেই একটি মাইক্রোবাস থেকে চারজন লোক নেমে তাদেরকে থামতে ইশারা করে।  

অটোরিকশা থামালে ওই অজ্ঞাত ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে এবং তাদের অটোরিকশা থেকে নামতে বলে। এক পর্যায়ে কামরুল ও তার ভাইয়ের হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। এসময় তাদের কাছে থাকা ৭২ হাজার টাকা ও অটোরিকশাটি নিয়ে যায়। যাওয়ার সময় তাদের দুজনকে  হায়দ্রাবাদ ছাবের মার্কেট ভাঙ্গা ব্রিজের পাশে ফেলে চলে যায়।

এ ঘটনায় পুবাইল থানায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা করেন কামরুল।

ঘটনার প্রায় দেড় বছর পর দুই আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপপরিদর্শক মোবারক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পিবিআই জানিয়েছে, বাদী কামরুল ইসলামের বক্তব্যের সঙ্গে গ্রেপ্তার আল আমিনের বক্তব্যের ঘটনাক্রমের মিল রয়েছে।

আসামিরা জানিয়েছেন, ছিনতাইয়ের পর আল আমিন অটোরিকশাটি চালিয়ে নরসিংদীর পাঁচদোনা এলাকায় যান। সেখানে সহযোগিদের জন্য অপেক্ষা করেন তিনি। পরে সহযোগিরা পৌঁছলে অটোরিকশাটি নিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক ব্যক্তির কাছে ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে। পরে ওই ব্যক্তি আবার অটোরিকশাটি মুন্সিগঞ্জের সদর থানার খানকা দালালপাড়া এলাকার মো. সম্রাটের কাছে ৩ লাখ ৩৩ হাজার টাকায় বিক্রি করে দেন।

পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং গ্রেপ্তার সম্রাটের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তিনলাখ পীর এলাকার একটি দোকানের সামনে থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

অটোরিকশাটি বিক্রির টাকা আল আমিন ও তার সহযোগিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেন বলেও জানিয়েছে পিবিআই। তার সহেযোগিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।