রাস্তার ধারে টাকাভর্তি ব্যাগ, গুনে মিলল ১৭ লাখ ৯২ হাজার
রোববার ভোরে ভদ্রা এলাকার একটি গলির ভেতর কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগটি থানায় জমা দেয় শিক্ষার্থীরা।
রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৭ লাখ ৯২ হাজার টাকা থানায় জমা দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার ভোর পাঁচটার দিকে নগরের ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি এই টাকা পড়ে ছিল। সেগুলো কুড়িয়ে পাওয়ার পর বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরের বোয়ালিয়া থানায় গিয়ে জমা দেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন থানায় উপস্থিত ছিলেন।
তাদের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন।
টাকা জমা দিতে আসেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের আকাশ আলীসহ ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। তাদের সবার বাড়ি নগরের ভদ্রা এলাকায়।
আকাশ আলী বলেন, নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা রাতভর ভদ্রা এলাকায় অবস্থান করেন। ভোরে বাসায় ফেরার সময় একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি খুলে ভেতরে এক হাজার টাকার নোটের ১৮টি বান্ডেল পাওয়া যায়।
ব্যাগে সোনালি রঙের একটি ধাতব বস্তুও পাওয়া যায়, এতে ১৮টি ছিদ্র আছে। বস্তুটি স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে পিতল বলে নিশ্চিত হওয়া গেছে।
বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, “আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এই টাকার মালিক কে, এগুলো অবৈধ কিনা নাকি কোনো অপরাধী এ টাকা বহন করার সময় পড়ে গেছে, তা তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
