জামালপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত
আহত বাইক আরোহী সুমন মিয়া (৩৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জামালপুরের মেলান্দহে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক যুবক।
রোববার বিকাল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
নিহত আমিনুল হক (৪০) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ ঘটনায় আহত বাইক আরোহী সুমন মিয়া (৩৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকালে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমিনুল হক মারা যান।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
