রাজশাহীতে বিল দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মামলা
একদিন আগে সংঘর্ষের ঘটনায় আহত আটজন হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের শুঁটকি বিল ও ডুবির বিলের মাঝে তুলসী ক্ষেত্রবাঁধে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানান মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) আছের আলী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত বিএনপি নেতা শাহ আলম সরকার বাদী হয়ে ৩০ জনের উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মোহনপুর থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
আহতদের মধ্যে আটজন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন- ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী দলের সদস্যসচিব কামরুজ্জামান হেনা, স্থানীয় বিএনপি নেতা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাহ আলম সরকার সবুজ, হাততোড় গ্রামের জনাব আলী, জেকের আলী, শ্যামপুর গ্রামের আব্দুল হাকিম, ডাংগাপাড়া গ্রামের নিরেণ হালদার, প্রসনজিৎ, গোয়ালপাড়া গ্রামের দিলদার। তারা স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনের পর তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্যকে ম্যানেজ করে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক তার লোকজন নিয়ে শুঁটকি বিল ও ডুবির বিলে মাছ চাষ শুরু করেন। মাছ চাষের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিলটি ইজারা নেয়।
সোমবার বিকালে বিএনপি নেতা কামরুজ্জামান হেনার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ওই বিলে যান। খবর পেয়ে আব্দুল মালেক তার পক্ষের লোকজন নিয়ে তুলসী ক্ষেত্রবাঁধে গিয়ে তাদের বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিএনপি নেতা শাহ আলম সরকার বলেন, “দলীয় প্রভাব ও হুমকি দিয়ে ওই দুই বিলে মাছ ধরা থেকে জেলেদের বঞ্চিত করা হচ্ছে। ফলে জেলে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে।
“আমরা বিলটি উন্মুক্ত করার জন্য গিয়েছিলাম। কিন্তু বিএনপি নেতা আব্দুল মালেক তার লোকজন দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদেরকে পিটিয়ে জখম করেন তারা।”
এ বিষয়ে আব্দুল মালেক বলেন, “মাছ চাষ করার জন্য উপজেলা পরিষদ থেকে বিল লিজ দেওয়া হয়েছে। বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন জেলেরা। দুই বিলে কয়েক লাখ টাকার মাছ ছাড়া হয়েছে।
“সেখানে প্রায় কোটি টাকার মাছ আছে। সেই বিল তারা দখল করে মাছ লুট করতে এসেছিল। বাধা দিলে তারা হামলা করে। আমরা প্রতিহত করেছি শুধু।”
হামলায় তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আব্দুল মালেকের।
পরিদর্শক (তদন্ত) আছের আলী বলেন, “অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীরা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।”
