টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
পুলিশ জানায়, নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার পর ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করেছে জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান।
নিহতরা হচ্ছেন- উপজেলার ধুবুরিয়া এলাকার মৃত ফজল শেখের ছেলে আব্দুস ছাত্তার (৫৫) এবং মৃত মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
গণপিটুনিতে নিহত তালেব মিয়া (৩৫) একই এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে তালেব মিয়ার কথা কাটাকাটি হয়। তালেব এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। এক পর্যায়ে তালেব ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর অবস্থায় তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাদের মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেবকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে পুলিশ রয়েছে।
