বান্দরবানে আগুনে পুড়েছে ৮ বসতঘর
“আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
বান্দরবান শহরে আগুন লেগে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয়ে পাশের গলিতে এ ঘটনা ঘটে বলে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানিয়েছেন।
তিনি বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“অগ্নিকাণ্ডে আটটি পরিবার সম্পূর্ণ এবং তিনটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বালাঘাটা বাজার এলাকার বাসিন্দা নাইশৈমং মারমা বলেন, “তপন মল্লিকের ভাড়া বাসা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া তপন মল্লিক বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না। ফলে ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি; সবকিছু পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হাসান বলেন, তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
