১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুর-৪ এর সীমানা পুনর্বিবেচনায় ইসিতে চিঠি জেলা প্রশাসকের

জেলা প্রশাসক বলেন, “আমরা আশা করছি নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে, যা সবার জন্য ভালো হবে। “

ফরিদপুর-৪ এর সীমানা পুনর্বিবেচনায় ইসিতে চিঠি জেলা প্রশাসকের
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 02:10 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আন্দোলন করছেন ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নের বাসিন্দারা। 

এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশংকা’ করে নির্বাচন কমিশনকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করে প্রতিবেদন দিয়েছেন জেলা প্রশাসক। 

সোমবার রাতে এই প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক  মো. কামরুল আহসান তালুকদার। 

সংসদীয় সীমানা পুনঃনির্ধারণের গেজেটের উল্লেখ করে জেলা প্রশাসকের  প্রতিবেদনে বলা হয়, “উক্ত তালিকায় ফরিদপুর-৪ এর অন্তর্গত ২টি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ৪ সেপ্টেম্বর দুটি ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ উক্ত আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে।”

এর ফলে ক্রমান্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “সর্বশেষ সোমবার বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

“এছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। তৎপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে যোগাযোগ ব্যাহত হবার কারণে সাধারণ জনগণকে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।”

জেলা প্রশাসকের প্রতিবেদনে আরও উল্লেখ করেন- ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসন পুনঃনির্ধারণের বিষয়ে জনগণ মেনে নিতে পারেনি। উক্ত দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সাথে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। 

“এ পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরণের অবনতির আশংকা রয়েছে।”

প্রতিবেদেনের শেষে ফরিদপুর-২ আসনে যুক্ত করা ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনে এর মধ্যে পুনরায় অর্ন্তভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি ‘পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ’ জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে, যা সবার জন্য ভালো হবে। “