ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদ ভবন ভাঙচুর: গ্রেপ্তার ২২ জন কারাগারে
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ভবন ও হাইওয়ে থানায় ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ২২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার দুপুর ২টার দিকে আসামিদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা বিশেষ অভিযান চালিয়ে ওই ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে যাওয়ারা হলেন- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর (৪৮), রমিচ মোল্লা (৫২), চোকদার (৩০), উজ্জ্বল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০), মহিন্দ্রনাথ বিশ্বাস (৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) এবং আমিনুল মাতব্বর (৫০)।
ওসি আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাঙচুরসহ চারটি মামলায় ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুপুরের দিকে সব আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলা-সংযুক্ত ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কেটে নগরকান্দা-সালথার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ৫ সেপ্টেম্বর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তবে উপজেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করা হয়। পরে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
১৪ সেপ্টেম্বর রেললাইনও অবরোধ করা হয়। আন্দোলনের মধ্যে ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন দমন করার ঘোষণা দেন। একইদিন আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। সেই মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে গ্রেপ্তার দেখানো হয়।
অবরোধের দ্বিতীয় দিন ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানা ও সরকারি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
