আসন পুনর্বিন্যাস: ভাঙ্গা থানায় ভাঙচুরের মামলায় প্রধান আসামি নিক্সন চৌধুরী
থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় বলা হয়েছে।
ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা আন্দোলনের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে।
মামলার ২ নম্বর আসামি করা হয়েছে নিক্সনের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে ভাঙ্গা থানার এসআই আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম।
বুধবার দুপুরে তিনি বলেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে দ্রুত বিচার আইনে করা আরেক মামলায় আলগী ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলা-সংযুক্ত ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কেটে নগরকান্দা-সালথার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ৫ সেপ্টেম্বর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তবে উপজেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করা হয়। পরে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়।
রোববার রেললাইনও অবরোধ করা হয়। আন্দোলনের মধ্যে ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন দমন করার ঘোষণা দেন। একই দিন আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। সেই মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে গ্রেপ্তার দেখানো হয়।
অবরোধের দ্বিতীয় দিন সোমবার ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানা ও সরকারি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তারা ভাঙচুর করতে চাননি। তবে আলগী, হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকাবাসীকে জড়িয়ে যে মামলা হয়েছে, তা কেউ মেনে নিতে পারেননি। এর প্রতিবাদে সহিংসতার ঘটনা ঘটে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে সহিংস ঘটনার বিষয়েও মামলা করার প্রস্তুতি চলছে।
