১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অটোচালককে হত্যার পর ব্যাটারি বিক্রি, তিনজন গ্রেপ্তার

ছিনতাই হওয়া ব্যাটারিগুলো তারা সাড়ে ২৩ হাজারে বিক্রি করে টাকা ভাগ করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশকে।

চাঁদপুরে অটোচালককে হত্যার পর ব্যাটারি বিক্রি, তিনজন গ্রেপ্তার
চাঁদপুরে ব্যাটারি ছিনতাইয়ের জন্য অটোচালককে হত্যার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 05:44 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ব্যাটারি ছিনতাইয়ের জন্য অটোচালককে হত্যার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ছিনতাই হওয়া ব্যাটারিগুলো তারা সাড়ে ২৩ হাজারে বিক্রি করে টাকা ভাগ করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশকে।  

সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

গ্রেপ্তাররা হলেন- মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রাব্বি (২৬), মো. জসিম (২৬) ও মো. ইসমাইল হোসেন (৪৪)।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক মহিন মিয়াজী।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক মহিন মিয়াজী।

শনিবার সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রাম থেকে ১৭ বছর বয়সী মহিন মিয়াজীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার ব্যাটারিবিহীন অটোরিকশাটি নওগাঁও গ্রামে পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন রোববার মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, মামলার পর থানার ওসি পুলিশের একটি বিশেষ দল গঠন করেন। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামি মো. রাব্বি ওরফে কালুকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। 

পরে ইসমাইলের হেফাজতে থাকা অটোবাইকের চারটি ব্যাটারিও উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সুজন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারদের প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশ সুপার জানান, পূর্বপরিকল্পনা আলোকে আসামি সুজন ২৯ নভেম্বর দুপুরে মোবাইলে চালক মহিনকে মতলব ধনারপাড় আসার জন্য বলে। 

তাদের কথামত মাহিন অটোরিকশা নিয়ে ধনার পাড় আসলে আসামিরা তার অটোরিকশা করে নাগদা, আশ্বিনপুর, নারায়নপুরসহ বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। সন্ধ্যার পরে তারা মাহিনকে বেলুতি গ্রামের গোলগেইল্যা খালের পাড়ে নিয়ে যায়। 

“সেখানে তারা কৌশল করে মাহিনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামি ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা ব্যাটারিগুলো ২৩ হাজার ৫০০ টাকা বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়।”

এসপি আরও বলেন, আসামিদের মঙ্গলবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাসন ও অর্থ) সুদিপ্ত রায়, (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির, মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

আগের সংবাদ

চাঁদপুরে কিশোর অটোচালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই