০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 12:15 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং অটোরিকশার চালক কবির মাল।

পুলিশ জানায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অটোরিকশা থেকে যাত্রীরা ছিটকে বাইরে পড়ে যান। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মোহর আলী। 

ওসি ফয়েজ আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।