নাটোরে শিক্ষা কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩
শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
নাটোরের বড়াইগ্রামে কার্যালয়ে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধর, প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা প্রদানের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
গ্রেপ্তাররা হলেন- বড়াইগ্রামের উপল শহর এলাকার জুয়েল রানা, মধ্য মালিপাড়ার বরকত আলী এবং একই এলাকার আবু বক্কর সরদার।
শরীফ আল রাজীব বলেন, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ তলায় শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে মারধর এবং তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় আব্দুর রউফ সন্ধ্যায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা অভিযোগ করেন।
পরদিন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, “এ ঘটনা আমার অজ্ঞাতসারে ঘটেছে, এ ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
