চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
বুধবার রাতে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে এএসআই আশরাফুজ্জামান জানান।
চুয়াডাঙ্গা শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এএসআই আশরাফুজ্জামান জানান।
নিহত আব্দুল জব্বার (৪২) শহরের জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান উদ্দীনের ছেলে। তিনি রেলবাজার এলাকায় মুদি দোকান চালাতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আব্দুল জব্বার মোটরসাইকেলে করে বড় বাজার থেকে রেলবাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান।
সেসময় একই দিক থেকে একটি ট্রাক যাচ্ছিল। ওই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন জব্বার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এএসআই আশরাফুজ্জামান জানান, পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ না থাকলে এবং পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
