গাজীপুরে রাস্তার পাশে কাঁদছিল কাপড়ে পেঁচানো নবজাতক
ওই নবজাতকের জন্য গুড়া দুধ ও পোশাক কিনে দিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগরের কাশিমপুরে রাস্তার পাশ থেকে কাপড়ে পেঁচানো নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কাশিমপুর থানার মাধবপুর ওয়াবদা সড়কের পাশে পড়ে থাকা আনুমানিক দুইদিন বয়সী নবজাতকের কান্নার শব্দ পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী মো. রাজিব জানান, ভোরে আলম সরকারের বাড়ির পশ্চিমের সড়কে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে কাপড়ে মোড়ানো ছেলে নবজাতকটিকে দেখতে পান।
কাশিমপুর থানার এসআই মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতকের জন্য গুড়া দুধ ও পোশাক কিনে দেওয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
কাশিমপুর থানার ওসি রাফিউল করিম জানান, শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে নবজাতককে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ি নবজাতককে লালন পালনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
