শেরপুরের বালুর নিচ থেকে কৃষকের লাশ উদ্ধার
পুলিশ জানায়, সন্ধ্যায় গোয়াল ঘরের জন্য বালু আনতে মৃগী নদীর পাড়ে যান হালিম।
শেরপুরের নকলা উপজেলায় বালুর নিচ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগীর নদীর পাড়ে লাশটি পাওয়া যায় বলে নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান।
নিহত আব্দুল হালিম (৩৫) ওই ইউনিয়নের বাছুর আলগা দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক কাশেম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরের জন্য বালু আনতে মৃগী নদীর পাড়ে যান হালিম। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালু সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধসে কৃষক আব্দুল হালিমের উপরে পড়ে। হালিম বালুর নিচ থেকে আর উঠতে পারেননি।
তিনি বলেন, এদিকে সারা রাত হালিম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন হালিমকে অনেক খোঁজাখুঁজি করেন। বুধবার সকালে স্থানীয়রা মৃগী নদীর পাড়ে একটি লাশ বালুর নিচে পড়ে থাকতে দেখেন। এরপর বালু সরিয়ে হালিমের লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
