২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্যের এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ঢাকার পল্টন, সাভার ও নাটোরের সিংড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান জামালপুর পুলিশ সুপার।

সংসদ সদস্যের এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আবু হুরাইরা খালিদ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে বগুড়ার গাবতলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার আবু হুরাইরা খালিদ (২৮) নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ বেতারের টেকনিশিয়ান পদে চাকরি করেন।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয়ে খালিদ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনে প্রতারণা করতেন।

“এ ছাড়া খালিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এপিএস পরিচয়ে দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন পদ-পদবি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন।”

সম্প্রতি খালিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন বলে জানান পুলিশ সুপার।

তার বিরুদ্ধে ঢাকার পল্টন, সাভার ও নাটোরের সিংড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার কামরুজ্জামান। 

প্রতারণার অভিযোগে খালিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।