Published : 03 Jul 2026, 06:21 PM
খুলনার রূপসা উপজেলায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে হাসান শেখ ওরফে বিহারী হাসান নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানিয়েছন।
নিহত ৬৩ বছর বয়সী হাসান রূপসা উপজেলার জাবুসা গ্রামের সিরমান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেছে, চার থেকে পাঁচ দিন আগে হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি আসেন। ভ্যানচালকসহ অতিথিরা বাড়ির ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর ভ্যানটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান শেখ একই এলাকার রাশেদ শেখের নাম উল্লেখ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান জাবুসা চৌরাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় রাশেদসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
“হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “কয়েকদিন আগে একটি ভ্যান চুরির ঘটনায় সন্দেহ প্রকাশকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
“এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।”
খুলনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে জেলার ৯টি থানায় মোট ২১টি হত্যা মামলা হয়েছে।