২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 03:42 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

আটকরা হলেন-মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

এদিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে

মহিউদ্দীন জানিয়েছেন।

বিজিবির এ কর্মকর্তা বলেন, “নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা অন্ধকারের মধ্যে দৌঁড়ে পালিয়ে যায়। 

“এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে সেটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।”

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, জব্দ করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়নে দপ্তরে মজুদ রাখা হয়েছে।