Published : 09 Jun 2026, 05:16 PM
শেরপুরে ছবি তোলাকে কেন্দ্র করে হামলায় আহত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত আল মুহতাছিম সাইফ (১৭) শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার দমদমা কালীগঞ্জ মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, ২৯ মে বিকাল ৪টার দিকে শেরপুরের তাতালপুর বিএম রোড এলাকায় দাঁড়িয়ে ছিলেন সাইফ। এ সময় স্থানীয় কয়েকজন যুবক সেখানে ছবি তুলতে চায়।
মামলার বরাতে পুলিশ জানায়, নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০), স্বপন (২১) ও আরমান (২০) সাইফকে ওই স্থান থেকে সরে যেতে বললেও তিনি সরে যাননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ফোন করে আরও ১০-১৫ জনকে ডেকে আনে এবং সাইফকে মারধর করে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং তাকে রাস্তার পাশে জমে থাকা পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে।
সাইফের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তাকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা রেবেকা সুলতানা শনিবার ১৫ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সোহেল রানা।