১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত বিএনপির সঙ্গে মিলে গেছে: এ্যানি

“যারা গণহত্যা-গুম-খুন করে তাদের রাজনীতি করার অধিকার নেই।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে তা বিএনপির কথার সঙ্গে মিলে গেছে বলেমন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “বিএনপিসহ সব রাজনৈতিক দলকে ডাক দিয়ে সরকার যদি আলোচনা করতো তাহলে বহু আগেই এটা নিষ্পত্তি হতে পারতো। এখন নয় মাস হয়ে গেল।

“যেটা হয়েছে, বিএনপি যা চেয়েছে তা হয়েছে। আলোচনা মতে বিচার-প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। বিচার-প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে।”

রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে এ্যানি এসব কথা বলেন।

এ বিএনপি নেতা বলেন, “হাসিনার বিচার দ্রুত হলে গুম-খুনের একটা ফলাফল আসবে। বিচারের রায় হবে। গণহত্যার বিচার হবে, বিচারে একটা রায় হবে। যারা গণহত্যা-গুম-খুন করে তাদের রাজনীতি করার অধিকার নেই। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই।”

এ্যানি বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল সব রাজনৈতিক দলের সঙ্গে বসে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। সবার আগে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ।

“এটা নিয়ে পাড়া-মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল-মিটিং করতে হবে, গাড়ি আটকাতে হবে, এতে মানুষের কষ্ট হবে। এটি জনগণ চায় না, প্রত্যাশা করে না।”

জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।