ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে নোয়াখালীতে মহাসড়কে যান চলাচল ব্যাহত
রাত ১০টায় বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, এখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, কাজ চলছে।
ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে নোয়াখালীর চৌরাস্তা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
রোববার বিকাল সাড়ে ৪টায় মীরওয়ারিশপুর রাস্তার মাথা থেকে কেন্দুরবাগ অটোরিকশা স্টেশন পর্যন্ত সাতটি বৈদ্যুতিক খুঁটি পড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান।
এ সময় খুঁটির নিচে পড়ে একটি অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। তবে, এতে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি শামসুজ্জামান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই আঞ্চলিক মহাসড়কে কয়েকদিন থেকে চার লেনের কাজ চলছে। এ সময় নতুন মাটি দিয়ে সড়কের দুইপাশে সম্প্রসারণ করা হয়। এ ছাড়া সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি তুলে আবার প্রতিস্থপনের কাজ চলছে।
বিকালে ঝড়বৃষ্টি শুরু হলে সাতটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে সড়কেও উপর পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যস্ততম এ সড়কের দুপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ছোটবড় অসংখ্য গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “খবর পেয়ে বিকাল ৫টা ২০ মিনিটে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু বৈদ্যুতিক খুঁটি অপসারণ করার মত সরঞ্জাম না থাকায় ৬টা ৪০ মিনিটে আমরা আবার স্টেশনে ফিরে আসি।”
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চৌমুহনীর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ ইসলাম বলেন, “সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে।”
রাত ১০টায় বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, “এখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, কাজ চলছে। আশা করছি, রাতের মধ্যে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।”
