১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজের ২৯ ঘণ্টা পর ভেসে এল লাশ

পর্যটন সেলের নির্বাহী হাকিম বলেন, ঈদে একই এলাকার সাত কিশোর একসঙ্গে সমুদ্রসৈকতে বেড়াতে আসে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:04 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ঈদে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ ২৯ ঘণ্টা পর সৈকতে ভেসে আসে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া উপকূলের সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী হাকিম মো. মাসুদ রানা।

নিহত মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মাসুদ রানা বলেন, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ওই এলাকার সাত কিশোর সমুদ্রসৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘোরাঘুরির এক পর্যায়ে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এ সময় তারেক ভাটার টানে ভেসে যায়। সঙ্গে থাকা অন্য কিশোরদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

মাসুদ রানা আরও বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই উপকূলের সৈকতে একটি লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। বিচ কর্মীদের একটি দল গিয়ে উদ্ধারের পর কিশোরের স্বজনরা লাশটি শনাক্ত করে। 

পর্যটন সেলের এ নির্বাহী হাকিম আরও জানান, লাশটি কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।