নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন
২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) বিউটি আক্তার।
দণ্ড পাওয়ারা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো. আব্দুর রহিম আকন্দের ছেলে মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) এবং রংপুর সদর উপজেলার মাহিগঞ্জ এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
মামলার বরাতে এপিপি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক তদন্তে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানতে পারে র্যাব।
পরে সন্ত্রাসবিরোধী আইনে র্যাব তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করে বলে জানান তিনি।
আসামিদের বিরুদ্ধে আদালতে ১২ জন সাক্ষ্য দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে বলে জানান এপিপি বিউটি আক্তার।
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ।
