৬ দিন পর সেই ‘গোলাপি হাতি’ শাবকের মৃতদেহ উদ্ধার
বনবিভাগ বলছে, খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদে পড়ে যায় হাতি শাবকটি।
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ছয় দিন পর উদ্ধার করে সেই ‘গোলাপি হাতি’ শাবকের মৃতদেহ মাটিচাপা দেয়া হয়েছে।
রোববার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় শাবকটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়।
ফরেনসিক রিপোর্টের জন্য করা হয়েছে নমুনা সংগ্রহ। ফরেনসিক রিপোর্টেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ- এমনটাই বললেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ।
২০ অক্টোবর কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় হাতি শাবকটি মারা যায়। বনবিভাগ বলছে, খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মারা যায় হাতি শাবক।
ঘটনার পর মঙ্গলবার থেকেই হাতি শাবকের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় বনবিভাগ। কারণ শাবকটির পাশে দাঁড়িয়ে ছিল মা হাতিটি। সংবেদনশীল মানুষের উপস্থিতি টের পেলে তেড়ে আসত। শনিবার মা হাতিটি দূরে সরে যাওয়ায় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।
কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর রহমান বলেন, “মা হাতিটি একটু দূরে সরে যাওয়ায় রোববার সকালে হাতির শাবকটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরে মাটিচাপা দেওয়া হয়।”
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, “হাতি শাবকটির মৃতদেহ উদ্ধার করে নমুনা (এক টুকরো) সংগ্রহ করা হয়। এরপর ওই এলাকায় (লিটনের টিলা) মাটিচাপা দেওয়া হয়েছে। সংগ্রহ করা নমুনার ফরেনসিক রিপোর্টের জন্য সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হবে। বর্তমানে ওই এলাকা থেকে হাতির পালটি কিছু দূরে সরে গিয়েছে।”
