১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাঙামাটির হ্রদে ডুবে সেই ‘বিরল গোলাপী’ হাতি শাবকের মৃত্যু

“হাতি শাবকটির পাশেই টিলাতেই মা হাতিটি দিনভর দাঁড়িয়ে ছিল। হাতি শাবকটির কাছে গেলেই মা হাতিটি তেড়ে আসে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়িতে দেখা পাওয়া সেই ‘বিরল গোলাপি’ হাতি শাবকটি মারা গেছে। 

বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মারা যায় আনুমানিক ছয় মাস বয়সি শাবকটি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ । 

সোমবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা বন বিভাগের। যদিও হাতি শাবকটির মায়ের উপস্থিতির কারণে মঙ্গলবার রাতে এ প্রতিবেদন পর্যন্ত লেখা পর্যন্ত হাতি শাবকটি উদ্ধার করা যায়নি। 

মো. রফিকুজ্জামান শাহ বলেন, “সম্ভবত সোমবার রাতে বন্যহাতির শাবকটি ছেঁচড়া খেয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে মারা যায়। মঙ্গলবার সকালে আমরা ঘটনাটি জানার পরই সেখানে গিয়েছি। 

“দিনভর সেখানেই ছিলাম, হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। কারণ হাতি শাবকটির পাশেই টিলাতেই মা হাতিটি দিনভর দাঁড়িয়ে ছিল। হাতি শাবকটির কাছে গেলেই মা হাতিটি তেড়ে আসে।”

ডিএফও আরও বলেন, “আমরা আগামীকালও (বুধবার) আবার হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা চালাব। এরপর ভেটেরিনারী সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ”

উত্তর বন বিভাগের অধীনের দুর্গম পাহাড়ি বরুনাছড়ি এলাকায় মোট ১৩-১৪টি হাতি ও শাবক রয়েছে। 

গত ১৩ জুন এখনকার একটি  হাতির দলের ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা ও ইআরটি সদস্য (এলিফ্যান্ড রেসপন্স টিম) মো. জাহাঙ্গীর। 

ভিডিওতে সেখানে একদল হাতিকে পানিতে সাঁতরাতে দেখা যায়। হাতির ওই দলে দেখা মেলেগোলাপি রংয়ের এক শাবকের।ওই দলে মোট আটটি হাতি ছিল, যার মধ্যে পাঁচটি পূর্ণ বয়সী, একটি কিশোর, দুটি শাবক। সবচেয়ে ছোট শাবকটি ছিল ‘গোলাপি রংয়ের’।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যতিক্রম রংয়ের এ হাতি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও গিয়েছিল বরকলে এবং তুলে আনে বিরল গোলাপি রংয়ের শাবক ও পুরো হাতি-দলের অসাধারণ ছবি। 

আরও পড়ুন

পাহাড়ে 'বিরল গোলাপি' হাতির দেখা