০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে বিএনপির ২৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 08:47 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপির ২৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন সাত জন।

বুধবার টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। 

মামলায় বিশেষ ক্ষমতা আইনে আটক সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার সাত আসামি হলেন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, “আসামিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারে নাশকতা চালানোর জন্য মঙ্গলবার বিকালে টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুটি ইটের টুকরোসহ তাৎক্ষণিকভাবে সাত জনকে আটক করেছে। 

“পরে আটক সাত জনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে শনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন।”

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার গাজীপুর মহানগর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।