Published : 15 Jun 2026, 09:55 AM
বিশ্বকাপে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার জন্য লামিনে ইয়ামাল প্রস্তুত আছে বলে জানিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। তবে স্পেন কোচ বলেছেন, এই তারকার মাঠে নামা নির্ভর করবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পরিস্থিতির ওপর।
কুঁচকির সমস্যা ও হ্যামস্ট্রিংয়ের চোটে গত এপ্রিলের পর থেকে আর খেলেননি ইয়ামাল। স্পেনের সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি ১৮ বছর বয়সী উইঙ্গার। তবে তার ফিটনেস নিয়ে স্পেন কোচের কোনো সংশয় নেই। অন্য দুই ফরোয়ার্ড নিকো উইলিয়ামস ও ভিক্তর মুনিয়োসের ক্ষেত্রেও তাই।
“ভালো খবর হলো লামিনে খুবই ফিট। সে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে এবং ভালো অবস্থায় আছে, খুব ভালোভাবে অনুশীলন করছে, ঠিক তার অন্য সতীর্থদের মতোই, যাদের কোনো না কোনো চোট ছিল। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, কিন্তু ম্যাচের শুরু থেকে খেলতে পারবে না।”
“ম্যাচ কীভাবে এগোয়, তা আমাদের দেখতে হবে এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব যে, তারা দলে কীভাবে অবদান রাখতে পারে।”
আটলান্টায় বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।