১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, স্বাক্ষর শুক্রবার

এই প্রাথমিক চুক্তির ফলে তেলের দাম কমেছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য পরবর্তী আলোচনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, স্বাক্ষর শুক্রবার
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 05:16 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা তাদের যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারকের বিষয়ে সম্মত হয়েছেন। এই সমঝোতার আলোকে ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নৌ-অবরোধ স্থগিত হবে আর হরমুজ প্রণালি ফের জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এই প্রাথমিক চুক্তির ফলে তেলের দাম কমেছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য পরবর্তী আলোচনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। 

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রোববার বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে।”  

এর কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, স্থানীয় সময় সোমবার ভোররাতে দুপক্ষের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 

এই সমঝোতা স্মারক (এমওইউ) শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে বলে নির্ধারণ করা হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক্স এ এক পোস্টে শরিফ লিখেছেন, “এই চুক্তিতে লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছে।” 

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে আটকা পড়ে থাকা নৌযান। ছবি: রয়টার্স

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে আটকা পড়ে থাকা নৌযান

এই শান্তি আলোচনায় লেবানন মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ট্রা্মপ ও অন্যরা একে অপরের উপর হামলা বন্ধ করার আহ্বান জানালেও ইসরায়েল ও হিজবুল্লাহ সেগুলো উপেক্ষা করছিল।  

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত থেকে লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে শেষ হওয়া শুরু হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাযেম গরিবাবাদি জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ছাড়সহ আরও বিস্তৃত চুক্তির বিষয়ে আলোচনা হবে।    

এর আগে বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচীর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এই পরবরর্তী পর্যায়েই হবে।

এই চুক্তির ঘোষণা আসার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের দিক থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার অংশ নয় তারা।  

ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি শুক্রবার খুলবে আর তিনি ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ইরান গত কয়েক মাস ধরে কার্যকরভাবে বন্ধ করে রেখেছে। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু কর। তেল প্রবাহিত হতে দাও!”  

চুক্তি হওয়ার খবরে বিশ্বজুড়ে তেলের দাম কমেছে। ব্রেন্টের অপরিশোধিত তেলের মূল্য সোমবার সকালে ৪ শতাংশ হ্রাস পেয়েছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের মূল্য ৪ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এই খবরে এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।  

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে কট্টরপন্থিদের বিক্ষোভ