২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের জেল

গোপালগঞ্জের মুকসুদপুর বাজার থেকে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের জেল
গোপালগঞ্জের মুকসুদপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মৃত গরুর মাংস বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল হাছনাত।

দণ্ড পাওয়া কাজী ইমরান (৪৩) উপজেলার আদমপুর গ্রামের আবদুর রাজ্জাক কাজীর ছেলে। 

মাংস ক্রেতা আহমেদ হোসেন বলেন, “কাজী ইমরান তার দোকানে গরুর মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ বের হয়। পরে বুঝতে পারি মাংসগুলো মৃত গরুর। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করি।”

নির্বাহী হাকিম আবুল হাছনাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সেইসঙ্গে পচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।