সিরাজগঞ্জের অর্ধেক আসনে বিএনপির বিভক্তি, একাট্টা জামায়াত
সিরাজগঞ্জ-৩, ৪ ও ৫ এই আসনগুলিতে বিভক্তি মেটাতে না পারলে বেকায়দায় পড়তে পারেন ধানের শিষের প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের তিনটি আসনেই বিভক্তি দেখা দিয়েছে বিএনপিতে। তবে সব কয়টি আসনে একক প্রার্থী নিয়ে একাট্টা হয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী।
ভোটের মাঠের লড়াইয়ে থাকা দলগুলির মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দুইটি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে, এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে।
তবে সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই মূলত বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে নির্বাচনি লড়াই হবে। এর মধ্যে সিরাজগঞ্জ-৩, ৪ ও ৫ এই আসনগুলিতে বিভক্তি মেটাতে না পারলে বেকায়দায় পড়তে পারেন ধানের শিষের প্রার্থীরা।
সিরাজগঞ্জ-১: আওয়ামী লীগের ভোটারদের মন জয়ে ব্যস্ততা
যমুনা নদী বিধৌত কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের একাংশ নিয়ে গঠিত এ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৭১ সালের পর শুধু ১৯৮৮ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পাটির প্রার্থী শফিকুল ইসলাম জয়ী হয়েছিলেন।
এ ছাড়া সব কয়টি নির্বাচনে জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলী, তার ছেলে মোহাম্মদ নাসিম ও ড. মোহাম্মদ সেলিম এবং নাতি ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনার পতনের পর এ পরিবারের উত্তরসূরি তানভীর শাকিল জয় এখন পলাতক। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। তাই আসনটি কব্জা করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা।
আওয়ামী লীগের সমর্থকদের ভোট যে প্রার্থী বেশি পাবেন, তিনিই জয়ী হবেন এমনটাই মনে করা হচ্ছে। তাই উভয় দলের প্রার্থীরাই আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। এ আসনে অন্য দলগুলোর তেমন আনাগোনা এখনো চোখে পড়েনি।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু জাফর, বাসদের আবু সামা, সিপিবির আব্দুল বাকী ও গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুনকে এ আসনে প্রার্থী করা হয়েছে। এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্না ও মো. নাজমুস সাকিবের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৬৭২টি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৫৫৫।
এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, “এ আসনে জামায়াতে ইসলাম দলগতভাবে তেমন সুসংগঠিত নয়। অতীতে ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে এ আসনটিকে তাদের দুর্গ বলত। প্রকৃত পক্ষে তাদের দাবি সত্য নয়।
“অপরাধ করার কারণে বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পলাতক। এ অবস্থায় যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার রয়েছেন, আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, চেষ্টা করছি তারা যেন ভোট কেন্দ্রে যায় এবং ধানের শীষে ভোট দেয়।”
জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, “স্বাধীনতার পর থেকে এই আসনটিতে শুধু একটি দলের প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। সকল নির্বাচনেই কাজিপুরের দুর্গম এলাকাগুলোকে পুঁজি করেই তারা নির্বাচিত হতো। এখন তারা নাই, কিন্তু সাধারণ ভোটাররা ময়দানে রয়েছেন।
“শুধু এই দলের ভোটার নয়, আমি পুরো ভাসমান ভোটারদের ধরার চেষ্টা করছি। ভোটাররাও আশ্বাস দিচ্ছেন কাজিপুরের উন্নয়নে তারা আমাকেই ভোট দেবেন।”
সিরাজগঞ্জ-২: ভোট ব্যাংকের বাইরের ভোটারদের কাছে টানার চেষ্টা
সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৭টি। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১ হাজার ৭৮৪ জন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৮৬ ও ২০০১ সালের নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালে আইনি জটিলতায় কারণে নির্বাচন করতে পারেননি তিনি। সেই সময় তার সহধর্মিণী জেলা বিএনপির বর্তমান সভাপতি রুমানা মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর মধ্যে ১৯৯১ সালে বিএনপির মির্জা মুরাদুজ্জামান ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে মোহাম্মদ নাসিম বিজয়ী হন।
পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী সংসদ সদস্য নির্বাচিত হন।
এবার বিএনপি থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু মনোনয়ন পেয়েছেন। জামায়াতে ইসলামী জেলা কমিটির সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে।
৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর এ আসনের ভোটের মাঠের সমীকরণ বদলে গেছে। নয়া সমীকরণে আগামী নির্বাচনে মুখোমুখি হবেন এক সময়ের জোট সঙ্গী বিএনপি-জামায়াতের প্রার্থীরা। উভয় দল নিজ নিজ ভোট ব্যাংকের বাইরে সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। উভয় দলের কর্মী-সমর্থকরা নিজ দলের প্রার্থীকে জেতাতে মাঠ চষে বেড়াচ্ছেন।
এ ছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে সুরা সদস্য মুফতি মুহিব্বুল্লাহ, সিপিবির আনোয়ার হোসেন রেজা ও বাসদের আব্দুল্লাহ আল মামুন প্রার্থী হয়েছেন। মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জনতার দলের মো. সোহেল রানা।
বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দীর্ঘদিন পর দেশের জনগণ অনেক আনন্দের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা নির্বাচিত হলে মানুষকে সঙ্গে নিয়ে কী কী কাজ করব, সেই প্রস্তাবনাগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।”
জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে মিলিত হয়ে ভোট প্রার্থনা করছি। ভোটারদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
সিরাজগঞ্জ-৩: বিভক্তি নিয়ে শঙ্কায় বিএনপির নেতাকর্মীরা
মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দলের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হককে।
তবে এ আসনে শুরুতে প্রার্থী হতে চেয়েছিলেন বিএনপির ২১ জন নেতা।
তাদের মধ্যে অন্যতম রাহিদ মান্নান লেলিন। লেলিন প্রয়াত বিএনপি নেতা আবদুল মান্নান তালুকদারের ছেলে। আবদুল মান্নান ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুর পর ছেলে লেলিন এবার দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু বঞ্চিত হয়ে মানববন্ধন ও মিছিল-সমাবেশ করে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করে আসছেন তিনি।
এছাড়া তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর দলের মনোনয়ন বঞ্চিত হলেও দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জেলা বিএনপির সহসভাপতি শিল্পপতি রাকিবুল করিম খান পাপ্পু মনোনয়ন প্রাপ্তির আশায় নিজ এলাকা এনায়েতপুর থেকে ভোটার পরিবর্তন করে রায়গঞ্জ উপজেলায় বসতবাড়ি নির্মাণ করেছেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় তিনিও মনঃক্ষুণ্ন।
দ্রুত এসব বিষয় নিষ্পত্তি করতে না পারলে ভোটের মাঠে বড়ো ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
দলে বিভক্তি প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, “বিগত ১৭ বছর আমি আন্দোলন-সংগ্রাম করেছি। জেল-জুলুম সহ্য করেছি। দল ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।
“মনোনয়ন পাওয়ার পর আমি মনোনয়ন বঞ্চিতদের কাছে গিয়েছি। এরপরও যারা বিরোধিতা করছেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আমি কিছু বলবো না।”
অপরদিকে এ আসনে জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুস সামাদকে মনোনয়ন দিয়েছে।
মাওলানা আব্দুস সামাদ বলেন, “দল আমাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের নিয়ে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ পরিবেশ ও কালো টাকার প্রভাবমুক্ত থাকলে, আমি জনগণের যে সাড়া পাচ্ছি তাতে নির্বাচনে বিজয়ী হবো, ইনশাল্লাহ।”
এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক অস্ট্রেলিয়া প্রবাসী দিলশানা পারুল। তবে এখনো দেশে আসেননি তিনি। দুয়েক দিনের মধ্যে ফিরবেন বলে শোনা যাচ্ছে। ওনার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে শনিবার।
এ ছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন থেকে গাজী আইনুল হক, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফা নুরুল আমিন, বাসদের পলাশ কুমার ঘোষ, খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকার ও স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন প্রার্থী হয়েছেন।
সিরাজগঞ্জ-৪: ধানের শীষের প্রার্থীই এখন দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বী
উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বিএনপির মনোনয়ন পেয়েছেন।
তবে, প্রার্থী ঘোষণার পর উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি একটি অংশ এখনো তার সাথেই রয়েছেন। দলের নামেই তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জ্যোতি ও অ্যাডভোকেট সিমকি ইমাম এখনো দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীরা বিভক্ত অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আজাদ হোসেন বলেন, “বিগত ১৬ বছরে এম. আকবর আলীকে মাঠে দেখা যায়নি। ওই সময়ে আমি মাঠে থেকে বিএনপির রাজনীতির নেতৃত্ব দিয়েছি।
“৭০টি মামলার আসামি হয়েছি। ২৬ বার জেলহাজতে গিয়েছি। এ অবস্থায় দল আমাকে কেন অবমূল্যায়ন করেছে, তা আমার বোধগম্য নয়।”
বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, “তৃণমূলের মানুষের প্রত্যাশা মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করছি জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাল্লাহ।”
অপরদিকে, জামায়াতে ইসলামী এই আসনে মনোনয়ন দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে।
তিনি ২০১৮ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৯৮ হাজার ভোট পেয়েছিলেন। এবার নিজ দলের দাঁড়িপাল্লা প্রতীক পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের আলোচিত এই ছাত্রনেতা।
তিনি বলেন, “৫ অগাস্টের পর থেকেই আমরা নির্বাচনি কার্যক্রম শুরু করেছি। জনগণ এবার চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না। যে কারণে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
এ ছাড়া আসনটিতে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, কমিউনিস্ট পার্টি থেকে দলটির উপজেলা সভাপতি আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে আলমগীর হোসাইন প্রার্থী হয়েছেন। মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির হিল্টন প্রামাণিকও।
সিরাজগঞ্জ-৫: দল বদলে বেকায়দায় পড়ার আশঙ্কা বিএনপির
বেলকুচি ও চৌহালী নিয়ে গঠিত তাঁতশিল্প অধ্যুষিত এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম খান আলিমকে।
এরপর এ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মনজুর কাদের পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন। চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাধিক সভাপতি ও সম্পাদকসহ প্রায় অর্ধডজন নেতা বিএনপি ত্যাগ করে মনজুর কাদেরের সাথে এনসিপিতে যোগ দিয়েছেন।
এছাড়া গণ অধিকার পরিষদের বেশকিছু শীর্ষ নেতাও যোগ দিয়েছেন একই দলে।
এর মধ্যে জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তুলেছেন।
ফলে ভারসাম্য রক্ষায় বিএনপির শীর্ষ পর্যায়ের তিনজন বহিষ্কৃত নেতাকে আবারো দলে ফেরানো হয়েছে।
অপরদিকে, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর আলী আলমকে এই আসনে প্রার্থী করেছে জামায়াত। আসনটিতে জামায়াতের একটি বড় ভোট ব্যাংক রয়েছে।
এ অবস্থায় এনসিপির প্রার্থী মনজুর কাদের যদি ভোটের মাঠে নিজের অবস্থান তৈরি করতে পারেন তাহলে বিএনপির প্রার্থী আলিম বেকায়দায় পড়ার আশঙ্কা করছেন ভোটাররা।
এনসিপির মনোনয়ন পাওয়ার পর মনজুর কাদের নিজের ফেইসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছি এবং সিরাজগঞ্জ-৫ আসনের মনোনয়ন পেয়েছি।
“আমি বিশ্বাস করি, এনসিপি-ই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।”
বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, “দলবদল মনজুর কাদেরের জন্য নতুন কিছু নয়। তিনি জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে এসেছিলেন। গত ১৭ বছর মাঠে ছিলেন না, নেতাকর্মীদের কোনো খোঁজ রাখেননি। এবার এনসিপিতে যোগ দিয়েছেন।
“তার সাথে যারা গিয়েছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে কেউ কেউ ইতোমধ্যে দলে ফিরে এসেছেন। বাকিরাও সময় মত চলে আসবেন। বিষয়টি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।”
এদিকে জামায়াত মনোনীত প্রার্থী আলী আলম বলেন, “আমরা ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রচারণাসহ নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শতভাগ শেষ করেছি। জনগণ এখন শুধু ভোটের জন্য অপেক্ষায় আছেন। এই আসনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, ইনশাল্লাহ।”
এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুহাম্মদ নুরুন নবী ও জাতীয় পার্টির আকবার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী হতে পারেন গণ অধিকার পরিষদের সোহরাওয়ার্দী হোসেন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতিউর রহমানও।
সিরাজগঞ্জ-৬: ঐক্যবদ্ধভাবে মাঠে বিএনপির নেতাকর্মীরা
দুগ্ধভাণ্ডার হিসেবে খ্যাত শাহজাদপুর উপজেলা নিয়ে এ আসনটিতে জেলা বিএনপির উপদেষ্টা এম. এ মুহিতকে প্রার্থী করেছে বিএনপি।
তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী ও চক্ষু বিশেষজ্ঞ প্রয়াত এম. এ মতিনের ছেলে এবং সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে।
আওয়ামী লীগের বিগত শাসনামলে দলের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। এ ছাড়াও শিক্ষা, চিকিৎসা ও প্রতিবন্ধীদের উন্নয়নে নিজের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুস্থ ও দরিদ্র মানুষের পাশে থেকেছেন এই চিকিৎসক।
তিনি মনোনয়ন পাওয়ায় ঐক্যবদ্ধভাবে দলের নেতাকর্মীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
বিএনপি মনোনীত প্রার্থী ডা. এম, এ মুহিত বলেন, দীর্ঘ ১২ বছর যাবৎ শিক্ষা, চিকিৎসা ও প্রতিবন্ধীদের উন্নয়নে নিজের ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র, অসহায় তৃণমূল মানুষের জন্য কাজ করেছি। অতীতে আমার বাবা সাবেক উপ-প্রধানমন্ত্রী ড. এম, এ মতিন মানুষের জন্য কাজ করেছেন। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের সার্বক্ষণিক পাশে ছিলাম। সংগঠনকে সু-সংগঠিত করেছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি ভোটাররা আমাকেই নির্বাচিত করবে ইনশাল্লাহ।
তবে ‘বঞ্চিত’ হয়েও দলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতা। তারা হলেন- উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম সমন্বয়ক গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহসভাপতি শফিফুল ইসলাম ছালাম।
অপরদিকে, উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান প্রথমবারের মত দলের মনোনয়ন পেয়ে মাঠে নেমেছেন।
তিনি বলেন, “শেখ হাসিনার পালানোর পর সাধারণ মানুষ আমাদের ভালোভাবেই গ্রহণ করেছে। কেননা ৫ অগাস্টের পর জামায়াত কোথাও ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়নি।
“হাট-বাজার ও গ্রামগঞ্জে গণসংযোগ করছি, মানুষের সাড়া পাচ্ছি। আশা করছি বিজয়ী হবো।”
এই আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস. এম সাইফ মোস্তাফিজ। এছাড়াও ইসলামী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা মিসবাহ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল বাসদ নেতা অ্যাড. আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ পার্টির আনোয়ার সাদাত এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ইলোরা খাতুন প্রার্থী হয়েছেন।
স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন হুমায়ুন কবির, মো. ওয়াসিক ইকবাল খান ও মো. আব্দুস সালাম।
