২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ১৪৪ ধারা

এ ছাড়া সংঘর্ষে সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ১৪৪ ধারা
হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহতদের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনার পর আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

নিহত ফারুক মিয়া (৪৫) উপজেলার তিমিরপুর গ্রামের বাসিন্দা। 

এর আগে দুই পক্ষের মধ্যে অন্তত ৫০ জন আহদের খবর পাওয়া গেছে। এ ছাড়া দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জের আশাহীদ আলী আশার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আনমনু গ্রামের কয়েকজন বাসিন্দা আশাহীদ আলী আশার পক্ষ নেন। 

এর জেরে দুপুর থেকে দুই গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ ছাড়া ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উপজেলা শহরের ইউনাইটেড হাসপাতাল, হাসেমবাগ হোটেল ও মাছ বাজারসহ ১০ থেকে ১২টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।

তিনি বলেন, “তিন দিন ধরে উপজেলা শহর উত্তপ্ত ছিল; যা আজ সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।”