রাবিতে উপাচার্য ভবনে তালা দিলেন শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থী
নিয়োগ পেতে আবেদন করেন ৫৭ জন; ১০ জনের আবেদন বাতিল হয়ে যায়। এদের মধ্যে বুলবুলও আছেন,যিনি তালা ঝুলিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন উর্দু বিভাগের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থেকে বাদ পড়া এক প্রার্থী।
সোমবার রাতে তালা ঝুলিয়ে দেওয়া ওই প্রার্থীর নাম বুলবুল রহমান। তিনি ওই বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
উর্দু বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল তারা তিনজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এতে আবেদন করেন ৫৭ জন। এর মধ্যে ১০ জনের আবেদন বাতিল হয়ে যায়, যে তালিকায় বুলবুল রহমানও আছেন।
বাদ পড়ার পর গত ২ জুন তিনি রিট আবেদন করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট ২৫ জুন কলা অনুষদের সব নিয়োগ স্থগিত করে রুল জারি করে। বিশ্ববিদ্যালয়ের আপিলে দুদিন পরেই অবশ্য স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যায়। তবে ওই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
এর মধ্যে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়ার যুক্তি হিসেবে বুলবুল নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ‘অস্বচ্ছতার’ অভিযোগ তুলছেন।
তিনি বলছেন, বিজ্ঞপ্তিতে তিনজনের কথা থাকলেও ছয়জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে।
এ বিষয়ে কথা বলতে উপাচার্য সালেহ হাসান নকীব ও উপ-উপাচার্য ফরিদ খানকে ফোন দিলেও তারা ধরেননি।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “সাবেক এ শিক্ষার্থী সিন্ডিকেট সভা ব্যাহত করতে তালা ঝুলিয়েছেন। তিনি মনে করছেন, শিক্ষক নিয়োগে যোগ্য হয়েও বাদ পড়েছেন। তবে তিনি প্রাথমিক শর্ত পূরণ করতে পারেননি।
“তিনি তালা দেওয়ার পাশাপাশি আমাদের একজন প্রক্টোরিয়াল সদস্যের সঙ্গে অসদাচরণ করেছেন, যা অন্যায়।”
উর্দু বিভাগের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “এটি গোপনীয় বিষয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আগে কিছুই বলা যাবে না।”
