২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

গত বছর থেকে এবার ফরম পূরণে এক হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের অনুপস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীরা সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার দাবি জানান।

সেইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর যেখানে বিভিন্ন বিভাগের ফি ছিল দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকা, এ বছর তা বেড়ে হয়েছে তিন হাজার ৩০০ থেকে তিন হাজার ৫০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবার থেকে উঠে আসা। হঠাৎ ফি বৃদ্ধির কারণে অনেকে ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী শাওন, প্রাণিবিদ্যা বিভাগের শহিদুল্লাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের তৃশা, রসায়ন বিভাগের ফয়সাল এবং ইতিহাস বিভাগের নুরুল আমিন বক্তব্য দেন। 

এ বিষয়ে অধ্যাপক শিব শংকর কারুয়া বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।”