১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

চালক বলেন, তিনি দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌঁড়ে পালাতে দেখেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 04:32 PM

Updated : 07 Dec 2023, 04:32 PM

কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে নগরীর উনাইসার এলাকায় গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয় বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া জানান।

পুলিশ জানায়, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা চালক আগুন দেখে দ্রুত নেমে জীবন বাঁচান।

বাসের চালক মো. আনিস মিয়া বলেন, তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তখন তিনি দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌঁড়ে পালাতে দেখেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।