২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আজিজ কারাগারে

সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আজিজ কারাগারে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 08:12 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার বিকালে তাকে তাড়াশ আমলি আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন। 

শিউলী খাতুন বলেন, আব্দুল আজিজকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। এসময় মামলার মূল নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে জামিন শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওবায়দুল হক রুমি। 

এর আগে সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-২। পরে মঙ্গলবার ভোরে তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। 

ওই ঘটনায় সম্প্রতি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল আজিজ পেশাজীবি সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি ছিলেন।

তিনি ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

গণ-আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

সেই ধারাবাহিকতায় প্রায় ছয় মাসের মাথায় গ্রেপ্তার হন সিরাজগঞ্জের এই সাবেক সংসদ সদস্য।

পুরানো খবর

সিরাজগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার