১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ সড়ক বিভাগের কর্মচারী আটক

একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশিতে টাকাসহ তাকে আটক করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 01:52 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

শরীয়তপুর সড়ক বিভাগের এক অফিস সহকারীকে ১০ লাখ টাকাসহ গোপালগঞ্জে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

শহরের পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে বুধবার বিকালে ওই কর্মচারীর সঙ্গে গাড়ি চালককে আটকের তথ্য রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ।

আটক মোশারফ হোসেন (৬০) শরীয়তপুর সড়ক বিভাগের অফিস সহকারী (পিওন) হিসেবে কাজ করেন। গাড়ির চালকের নাম মো. মনির হোসেন (৪০)। তার বাড়ি শরীয়তপুরের পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে।

পুলিশ সেডান গাড়িটি জব্দ করার কথাও বলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৪টার দিকে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশির সময় ভেতরে থাকা একটি ব্যাগের মধ্যে দুটি খামে ১০ লাখ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোহী শরীয়তপুর সড়ক বিভাগের পিওন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলেন। 

“এক পর্যায়ে তিনি এ টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের এতে সন্দেহ হয়। তারা প্রইভেটকার ও টাকা জব্দ করেন। পরে পিওন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।” 

এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযোগে নাম আসা প্রকৌশলীর বক্তব্য জানা যায়নি। গোপালগঞ্জ সড়ক সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামকেও একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

শরীয়তপুর সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের অধীনে পরিচালিত হয়।